সকল মেনু

ইরান ইস্যুতে অঞ্চলজুড়ে বিশৃঙ্খলার শঙ্কা ম্যাক্রোঁর

ইরান-ইসরায়েল সংঘাতের দিকে নজর রাখছেন বিশ্বনেতারা। হামলা অব্যাহত রয়েছে দুদেশের। তবে আলোচনায় সমাধান হওয়া সম্ভব বলে অনেকেই মনে করছেন। সেটা না হলে পুরো অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা হতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ শঙ্কার কথা জানিয়েছেন। ইরানে সামরিক হস্তক্ষেপ করে সরকার পরিবর্তনের চেষ্টা অরাজকতা ডেকে আনবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

একইসঙ্গে এমন কোনও চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। বুধবার (১৮ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটি বলছে, সামরিক উপায়ে ইরানের শাসনব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানে শাসনব্যবস্থা বদলানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

মঙ্গলবার কানাডার কানানাসকিসে জি–৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ম্যাক্রোঁ বলেন, “আমার মতে, এই মুহূর্তে সবচেয়ে বড় ভুল হবে সামরিক উপায়ে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করা। কারণ এতে পুরো অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা তৈরি হবে।”

মূলত একদিন আগেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টানাপোড়েন তৈরি হয়। ম্যাক্রোঁ বলেন, ট্রাম্প সময়ের আগেই বৈঠক ত্যাগ করেছেন, কারণ তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা করতে চেয়েছেন।

তবে ট্রাম্প পরে এই দাবি নাকচ করে দেন এবং বলেন তিনি কোনও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন না।

ম্যাক্রোঁ আরও বলেন, “আমাদের দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করা, যাতে পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে একটি কাঠামোগত সমাধান খুঁজে পাওয়া যায়।”

তিনি বলেন, “গত দশ বছর ধরে ফ্রান্স ধারাবাহিকভাবে এই পথেই এগিয়েছে— আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top