সকল মেনু

লালপুরে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের তিন কর্মী বহিষ্কার

নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিক সজীবুল হৃদয় ও রাশেদুল ইসলাম লাঞ্ছিত হওয়ার ঘটনায় ওই তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সজীবুল হৃদয় এনটিভি অনলাইনের লালপুর-বাগাতিপাড়া প্রতিনিধি এবং রাশেদুল ইসলাম দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সংগঠন মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিক সজীবুল হৃদয় বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকেরা কোনো পক্ষের প্রতিপক্ষ নন। ঘটনার পর ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় তিনি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। ভবিষ্যতে সাংবাদিকেরা যাতে দায়িত্ব পালনের সময় কোনো পক্ষের হয়রানি বা লাঞ্ছনার শিকার না হন, সে জন্য সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
রাশেদুল ইসলাম বলেন, ঘটনার দিন তাঁরা সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় ছাত্রদলের উপজেলা নেতাদের ধন্যবাদ জানান তিনি।
লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। তাঁরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করবেন, এটি তাঁদের অধিকার। সাংবাদিক লাঞ্ছনার মতো কর্মকাণ্ড ছাত্রদলের সাংগঠনিক নীতি ও আদর্শের সঙ্গে যায় না। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
যুগ্ম আহ্বায়ক আবু রায়হান বলেন, ছাত্রদল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকারে বিশ্বাস করে। সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সংগঠন সমর্থন করে না। অভিযোগ তদন্ত ও প্রমাণের ভিত্তিতেই তিন কর্মীর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশকে কেন্দ্র করে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডার একপর্যায়ে দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার চার দিন পর তিন কর্মীকে বহিষ্কারের ঘোষণা দিল উপজেলা ছাত্রদল।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top