সকল মেনু

অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আমরা আশা করছি প্রক্রিয়া অব্যাহত থাকলে, আমাদের পক্ষে অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব। আমরা চেষ্টা করছি সব বিষয়গুলোতে যাতে আমরা সকলে একমত না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে মতে আসতে পারি।’

মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বেকার অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় তিনি এসব কথা বলেন। আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করার কথাও জানান তিনি। বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে, আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব।’

এ সংলাপে অংশ নিতে কমিশনের পক্ষ থেকে ৩০ দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়। জামায়াত ছাড়া ২৯ দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

আলী রীয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য যেটা আমরা বারবার বলেছি— জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব। সে ক্ষেত্রে আপনারা (রাজনৈতিক দলগুলো) যে সহযোগিতা দেখাচ্ছেন এবং সময় ও সহযোগিতা করছেন সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং রাজনৈতিক নেতাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।’

তিনি বলেন, ‘সব বিষয়ে আমরা হয়তো একমত হতে পারব না, কিন্তু তারপরও আমরা জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। সবগুলো বিষয়ে শেষ করতে পারব এমন নিশ্চয়তা নেই।’

এ আলোচনায় সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ বেশ কিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ), প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়াসহ বেশ কিছু বিষয় আলোচনার কথা রয়েছে। আগামী ১৭, ১৮ ও ১৯ জুন তিন দিন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top