রাজশাহীর মোহনপুরে অটোরিকশায় অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করছিলেন মাদক ব্যবসায়ীরা। এ সময় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৬ মে) বিকেলে মোহনপুর থানার বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৭ মে) দুপুরে র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন- রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা এলাকার মৃত নাইমুল হকের ছেলে মো. সেলিম (২৩) ও মহানগরীর হাজরাপুকুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে মোঃ শুকুর আলী (৩২)।
র্যাব জানায়, মোহনপুর বাজারস্থ পাঁকা রাস্তার ধারে কতিপয় মাদক ব্যবসায়ী অটোরিক্সায় অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারিভাবে বিক্রয় করছিল। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল গতিবিধি পর্যবেক্ষন শুরু করে। এ সময় র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুজন মাদক ব্যবসায়ীকে তাদের দখলে থাকা একটি অটোরিক্সাসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে অটোরিক্সার সিটের নীচে থাকা বক্স তল্লাশী করে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, ওই দুই আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোহনপুর থানার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা পুরিয়া বা পাইকারিভাবেও বিক্রয় করে আসছিল।
র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে র্যাবের অগ্রণী ভূমিকা পালন অব্যাহত থাকবে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।