সরকার জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করে নতুন দাম ঘোষণা করেছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আমদানি ব্যয়, পরিবহন খরচ, ব্যবসায়ী পর্যায়ের মুনাফা ও বিপিসির বিভিন্ন চার্জ সমন্বয় করে এই মূল্য কাঠামো নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত মূল্য কাঠামোতে এসব উপাদানের পৃথক হিসাব তুলে ধরা হয়েছে।
সরকার জানিয়েছে, নতুন নির্ধারিত এই মূল্য আগামী ১৯ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে। এছাড়া ডিজেল পরিবহনের ক্ষেত্রে ৪০ কিলোমিটারের অধিক দূরত্বে অতিরিক্ত পরিবহন ব্যয় আগের নিয়ম অনুযায়ী বহাল থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের এই নতুন মূল্য পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের বাজারে প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।