রাজশাহীতে বেপরোয়া গতির ভুটভুটির ধাক্কায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম আহসান ফুয়াদ (১৪)। সে নগরীর কাশিয়াডাঙ্গা রায়পাড়া এলাকার মৃত মাওলানা মো. মিজানুর রহমানের ছেলে। আল জামিয়া ইসলামিয়া আল আলামিয়া মাদরাসায় ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল ফুয়াদ। দুই বছর আগে তার পিতা মাওলানা মিজানুর রহমানও সড়ক দুর্ঘটনায় নিহত হন।
তবে ফুয়াদের মৃত্যুর ঘটনায় তার মা শাহানারা খাতুন রহিমা আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় একটি এজহার দায়ের করেছেন। এজহারে পবা উপজেলার শিতলাই বাথানবাড়ি এলাকার বাদশা রহমানের ছেলে জহুরুল ইসলামকে আসামি করা হয়েছে। ফুয়াদকে ধাক্কা দেওয়া ভুটভুটির চালক ছিলেন জহুরুল ইসলাম।
এজহারে উল্লেখ করা হয়, হেটে কাশিয়াডাঙ্গা ফেরতাপাড়ায় জমি দেখার জন্য যাচ্ছিলেন ফুয়াদের মা রহিমা। এ সময় ফুয়াদ মায়ের সাথে বাইসাইকেল চালিয়ে জমি দেখতে যাচ্ছিল। পথিমধ্যে দামকুড়ার দিক থেকে বেপরোয়া গতির একটি ভুটভুটি এসে তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায় ফুয়াদ। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ফুয়াদের স্বজনরা জানান, সে অনেক মেধাবী ছিল। ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিল। শিবিরের কর্মী হয়েছিল সে। বৃক্ষরোপণসহ ছাত্রশিবিরের বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও অংশগ্রহণ করত। তার কণ্ঠও ছিল অসাধারণ। সুন্দরভাবে ইসলামী সংগীত পরিবেশন করত। বছর দুয়েক আগে তার পিতা মাওলানা মিজানুর রহমানও সড়ক দুর্ঘটনায় নিহত হন। এবার মায়ের চোখের সামনে ছেলে ফুয়াদও নিহত হলেন। এতে ফুয়াদের পরিবারসহ বিভিন্নস্তরের মানুষ শোকাহত। তার মৃত্যুতে এলাকায় ও মাদরাসায় শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুয়াদের মাদরাসার শিক্ষক এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা।
কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারি বলেন, নিহতের স্বজনরা থানায় এসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।