সকল মেনু

উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে: তারেক রহমান

উত্তরবঙ্গ সফর শেষে রাজধানীতে ফেরার পথে বগুড়ার শাজাহানপুরে সংক্ষিপ্ত পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি তো ঘরের সন্তান, আবার আসবো। আপনারা দোয়া করবেন। এলাকার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। আপনাদের সব ন্যায্য দাবি পূরণ করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিঁড়া বন্দরে তার গাড়িবহর থামিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এ সময় বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোর্শেদ মিলটনের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এই পথসভা অনুষ্ঠিত হয়। তারেক রহমান গাড়িতে বসেই বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের প্রার্থী মোর্শেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে শনিবার সকালে বগুড়ার একটি হোটেলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। সভায় আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনা দেন তিনি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা, সদর উপজেলা ও শহর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সভায় তারেক রহমান বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ভোটারদের কাছে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

তিনি জানান, দলের প্রধান হিসেবে আগের মতো দীর্ঘ সময় বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব নয়। তাই স্থানীয় নেতাকর্মীদেরই নেতৃত্ব দিয়ে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বগুড়ার মানুষের সঙ্গে নিজের আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করা হয়েছে। বিরোধী দলে থাকলেও শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগকালে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

সভা শেষে দুপুরের পর সিরাজগঞ্জের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন তারেক রহমান। যাওয়ার পথে শাজাহানপুর ও শেরপুরের ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top