কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ১ জুলাই (মঙ্গলবার)। ২৭ জুন (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভাগসমূহে ৫ম মেধা তালিকা, ৪র্থ মাইগ্রেশন এবং কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসব শিক্ষার্থী ১ জুলাই থেকে তাদের নির্ধারিত ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করবে।”
নবাগত শিক্ষার্থীদের বরণ করতে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নেওয়া হয়েছে নানান প্রস্তুতি। এ নিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী জুবায়ের হাসান রাফাত বলেন, “আমাদের বিভাগের পক্ষে নবীনদের জন্য ওরিয়েন্টেশন, পরিচিতি সভা এবং শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমরা চাই তারা যেন শুরু থেকেই আমাদের পরিবারের অংশ হয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে।”
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ইয়াবিদ আল ইজাজ বলেন, “প্রতিটি নতুন শিক্ষাবর্ষ আমাদের জন্যও আনন্দের। নতুন ভাই-বোনদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাতে প্রস্তুত।”
এদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ভর্তি কার্যক্রম চলমান থাকলেও নির্ধারিত সময়েই ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের ক্লাস রুটিন, প্রয়োজনীয় নোটিশ ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে নিয়মিত প্রদর্শন করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।