স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ড্রয়ের আশঙ্কা জাগানোর পর শেষ সময়ের গোলে বাজিমাত করে কার্লো আনচেলত্তির দল। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে লেগানেসের মাঠে ৩-২ গোলে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা।
রিয়াল মাদ্রিদ অবশ্য সহজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। ২৫ মিনিটের মধ্যে দুুই গোল করে আনচেলত্তির দল। ১৮ মিনিটে লিড এনে দেন লুকা মডরিচ। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এন্ড্রিক ফিলিপ্পে। টুর্নামেন্টে তিন ম্যাচে এটা তৃতীয় গোল ব্রাজলিয়ান ফরওয়ার্ডের।
কিন্তু দুই গোলের লিড নেওয়ার পর ছন্দপতন হয় রিয়ালের। দারুণভাবে ঘুরে দাঁড়ায় লেগানেস। ৩৯ মিনিটে ব্যবধান কমায় তারা। ৫৯ মিনিটে দলটি ফেরে সমতায়। দুটো গোলই করেন হুয়ান ক্রুজ। এরপর লম্বা সময় কাটে গোলখরায়। ম্যাচ ২-২ গোলে ড্রয়ের আশঙ্কা জাগায়। শঙ্কা উড়িয়ে দেন বেঞ্চ ছেড়ে আসা গঞ্জালো গার্সিয়া।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোল করেন তিনি। চোটের কারণে এই ম্যাচের একাদশে ছিলেন না রিয়াল মাদ্রিদের দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও জুডে বেলিংহাম। সবমিলিয়ে রিয়ালের আটজন খেলোয়াড় চোট নিয়ে এদিন মাঠের বাইরে ছিলেন। শুরুর একাদশে ছিলেন না ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিচিয়াস জুনিয়রও।
ভিনিকে ছাড়াই প্রথমার্ধে দারুণ শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ভিনি। তবু লেগানেসের মাঠে কঠিন পরীক্ষা দিতে হয়েছে রিয়ালকে। অতিথিরা ম্যাচে গোল পেতে পারতো আরও দুটি। কিন্তু ব্রাহিম দিয়াজ ও ভিনির শট লেগানেসের ক্রসবারে লেগে ফিরে আসে।
আগামী শনিবার স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বি অনুষ্ঠিত হবে। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতিটা ঠিকঠাক হলো না রিয়ালের। আশার কথা হচ্ছে, মাদ্রিদ ডার্বিতে ফিরতে পারেন ইনজুরিতে থাকা একাধিক ফুটবলার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।