রাজশাহীতে ট্রাক ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার (৩ মার্চ) সকালে জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী রানি (৬৫) ও একই গ্রামের আদরী (৩৫)। ঘটনাস্থলেই এ তিনজনের মৃত্যু হয়।
ওসি রুহুল আমিন বলেন, গোদাগাড়ী মহিষালবাড়ি থেকে এক অ্যাম্বুলেন্স রাজশাহী যাচ্ছিল। আর রাজশাহীর দিক থেকে এক ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছিল। এ সময় রাজাবাড়িতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা দুই নারী নিহত হয়েছেন।
ওসি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আমরা জব্দ করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।