নেত্রকোণার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় ‘সর্বস্তরের সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক বুলবুল আহমেদ, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হাসান, এনটিভির জ্যেষ্ঠ সাংবাদিক হালিম খান, এখন টেলিভিশনের সাংবাদিক মাহবুব হোসেন, চ্যানেল ওয়ানের নাটোর প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ এবং চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে হত্যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার উপর গুরুতর আঘাত। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের জীবন ঝুঁকিতে পড়লে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিক আলিফের বিরুদ্ধে হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল বলে জানা গেছে। এরপরও তাঁর নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তাঁরা বলেন, সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন প্রাণ দিতে না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও প্রশাসনের। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।