সকল মেনু

লালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে প্রশ্ন ভাইভা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী সোনিয়া

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের চূড়ান্ত তালিকায় এক প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে না পারা এক প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায় এসেছে বলে অভিযোগ উঠেছে। ওই প্রার্থীর দাবি, বয়সসীমা অতিক্রম করায় তাঁকে ভাইভা না দিয়েই ফিরে যেতে হয়েছিল। তবে চূড়ান্ত তালিকায় নাম থাকায় বিষয়টি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
চূড়ান্ত তালিকায় থাকা ওই প্রার্থীর নাম সোনিয়া খাতুন। তাঁর রোল নম্বর ৪৬৭। তিনি আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪০ বছর। সোনিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৯৮৪ সালে। সে হিসাবে তাঁর বয়স নির্ধারিত সীমার বেশি। বয়সসীমা অতিক্রম করায় তাঁকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।
সোনিয়া খাতুন বলেন, “আমার বয়স বেশি হওয়ায় ভাইভার দিন আমার মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষক জানান, বয়স ৪০ বছরের বেশি হওয়ায় ভাইভা নেওয়া সম্ভব নয়। এ কারণে আমাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে চূড়ান্ত ফলাফলে আমার নাম এসেছে।”
এ বিষয়ে জানতে চাইলে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, “বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কর্তৃপক্ষ জানে। বিষয়টি কর্তৃপক্ষকে জানাব।”
তবে ভাইভায় অংশ নিতে না পারার দাবি এবং বয়সসীমা নিয়ে প্রশ্ন ওঠার পরও কীভাবে সোনিয়া খাতুনের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হলো, সে বিষয়ে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top