পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১৮ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।
তিনি জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৮ মার্চ থেকে বন্দরের কার্যক্রম যথারীতি আবার চালু হবে। এদিকে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে আগে থেকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোর লোড-আনলোড ও পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। অন্যদিকে ছুটির সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানান সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ জামিরুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।