নাটোরের লালপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সভায় প্রতিমন্ত্রী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, ব্যক্তিগত কোনো অপরাধের দায়ভার দল নেবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষায় মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান জোরদার করার নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মতামত দেন। শেষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।