সকল মেনু

মানবিক-দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত প্রস্তুত: ডা. শফিকুর

মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, দেশকে সুশৃঙ্খল করতে হলে আমাদের একটি কার্যকর নির্বাচন লাগবেই। আমরা আশা করছি সেই নির্বাচনটি আগামী বছরের প্রথম দিকে হবে। আমাদের বক্তব্য স্পষ্ট- অতীতের বস্তাপচা ধারায় কোনো নির্বাচন চাই না। এমন কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ।

শফিকুর রহমান বলেন, জামায়াত অপরিপক্ব নির্বাচন চায় না। আমরা এমন একটি নির্বাচন চাই, যা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম।

দেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, চারিত্রিক সম্পদের অভাবে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। দেশে দুর্নীতির বহু রূপ রয়েছে, তবে সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। এর কারণেই দেশ তার প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, জামায়াত কেবল জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই স্থানীয় নির্বাচনের দাবি তুলেছিল।

শফিকুর রহমান আরও বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত প্রস্তুত। স্বপ্নের বাংলাদেশ গড়তে জনগণকে জামায়াতের পাশে দাঁড়াতে হবে।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা ছাড়াও সিলেট জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top