সকল মেনু

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক প্রকাশ

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটির পাইলট, স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাসহ অন্তত ২০ জন নিহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় উপাচার্য বলেন, “এটি একটি হৃদয়বিদারক ঘটনা। এই দুর্ঘটনা আমাদের জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” একইসাথে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এই শোকাবহ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (২২ জুলাই) জাতীয় শোক দিবসের মতো মর্যাদায় শোক পালন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। একইসাথে সকল কর্মসূচিতে শোক পালনের আবহ বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে প্রশিক্ষণ চলাকালে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। তীব্র বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকাজে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয় এবং দেশজুড়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top