কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর সম্প্রতি ধারাবাহিকভাবে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ৪ টি দাবি জানিয়ে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা চারটি দাবি তুলে ধরেন।দাবিগুলো হলো শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে টাউন হলে নির্দিষ্ট বাসস্ট্যান্ড বরাদ্দ, অপরাধ দমনে গুরুত্বপূর্ণ এলাকাগুলো সিসিটিভির আওতায় আনা, নিরাপদ চলাচলের জন্য অন্ধকারাচ্ছন্ন স্থানগুলোতে দ্রুত ল্যাম্পপোস্ট স্থাপন এবং সকল চালকদের লাইসেন্সের আওতায় এনে নির্ধারিত ভাড়ার চার্ট চালু করা।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, বর্তমানে আমরা দেখেছি শহরে আশেপাশের এলাকায় নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। প্রশাসনের নজরদারি না থাকায় এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারুক আল নাহিয়ান বলেন, ‘আমরা আর চুপ করে থাকব না। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।’
এ বিষয়ে কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। ছিনতাই প্রবণ এলাকায় টহল জোরদার করা হবে।”
কুমিল্লা জেলার ডিপুটি কমিশনার মো: আমিরুল কায়সার বলেন’ “আমি কোনো স্মারক লিপি পাইনি, তারা যখন আসছিল তখন আমি অফিস থেকে চলে আসছি, সময় তখন সন্ধ্যা ৭টা বাজে, আগামীকাল আসতে বলছি তাদের কে”।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশ সুপারের সাথে শান্তিপূর্ণ একটি আলোচনা করেছি ওনি আমাদের থেকে এক সপ্তাহ সময় নিয়েছে ১ সপ্তাহের মধ্যে কুমিল্লা শহরের সকল কিশোর গ্যাং,ছিনতাই উৎখাত করবে। আমি শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি চেষ্টা করেছি আমাদের শিক্ষার্থীরা শহরে যেন নিরাপদে চলতে পারে।”
উল্লেখ্য, এর আগে গত ৯ জুলাই গণিত বিভাগের শিক্ষার্থী নাদিম আহমেদ কুমিল্লা শহরে সন্ত্রাসী হামলার শিকার হন এবং ১২ জুলাই নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরবিন্দু সরকার ছিনতাইয়ের শিকার হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।