বিশ্ব জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গাছের গুরুত্ব অপরিসীম—এই চেতনাকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘গাছ মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রকৃত বন্ধু। এটি আমাদের বাতাস বিশুদ্ধ রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, ছায়া দেয়, জীববৈচিত্র্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ বৃক্ষ নিধন ও পরিবেশ দূষণের কারণে আজ জলবায়ু পরিবর্তন বৈশ্বিক হুমকিতে রূপ নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ এখন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়—এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা। জুন-জুলাই মাস বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমাদের সবাইকে এ সময়ে যত বেশি সম্ভব গাছ লাগাতে হবে এবং রোপিত গাছের যত্নও নিতে হবে।’
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ ও বাসযোগ্য রাখতে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করে এবং সঠিকভাবে রোপিত গাছগুলোর পরিচর্যা করলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একদিন একটি সত্যিকারের সবুজ ক্যাম্পাসে রূপান্তরিত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্ট, ছাত্র-উপদেষ্টা, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সবাই মিলে পরিবেশ রক্ষায় সচেতন ও দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উদ্বোধনী কর্মসূচি শেষে নতুন কলা ভবন সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির ছায়া ও ফলজ গাছের চারা রোপণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসের সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।