সকল মেনু

নবীনদের বরণ করতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

নতুন শুরু, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনার হাতছানি, এসব নিয়েই প্রতি বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসে একঝাঁক তরুণ মুখ। ভর্তি পরীক্ষা, প্রস্তুতির চাপ, ফলাফল এবং অপেক্ষার দীর্ঘ সময় পেরিয়ে যখন এক নবীন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আঙিনায় প্রথম পা রাখে, তখন তার চোখে-মুখে থাকে উজ্জ্বল ভবিষ্যতের রঙিন ক্যানভাস। আর এই স্বপ্নযাত্রায় কুবি প্রশাসন, শিক্ষক, সিনিয়র ভাই-বোন এবং সংশ্লিষ্ট সবাই থাকে নবীনদের বরণে প্রস্তুত।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রস্তুত করছে নানা আঙ্গিকের বরণ আয়োজন। একাডেমিক পরিচিতি, দিকনির্দেশনামূলক বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পাস ট্যুর থেকে শুরু করে নবীনদের মানসিকভাবে স্বাগত জানানোর পরিবেশ তৈরি হচ্ছে প্রতিটি বিভাগেই।

নবাগত শিক্ষার্থীদেরকে কীভাবে বরণ করে নিবে ‘বাংলাদেশবেলা’ কে জানালেন ইমেডিয়েট সিনিয়ররা

অর্থনীতি বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী সালমা আক্তার জানান, “নতুন ব্যাচকে স্বাগত জানাতে আমরা ফুল, উপহার আর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তাদের জন্য দিনটি বিশেষ করে তুলতে চাই। এতে আমাদের বন্ধন আরও মজবুত হবে।”

আইসিটি বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী ইয়াসিন সরকার বলেন, “লালমাই পাহাড়ের বুকে, প্রকৃতির কোলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে তাদের নতুন শিক্ষাজীবন যেন জ্ঞান অর্জন আর নতুন অভিজ্ঞতার এক দারুণ সূচনা হয়। আশা করি, তারা এই ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করবে এবং নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সফল হবে। শুভকামনা ও স্বাগতম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল নবীন শিক্ষার্থীকে।”

প্রত্নতত্ত্ব বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী নাসরিন জাহান নিলা বলেন,” আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই নতুন অধ্যায়ে তোমরা পা রেখেছ, তোমাদের স্বপ্নের পথে এটাই প্রথম ধাপ। তোমাদের চোখে যেই উজ্জ্বল ভবিষ্যতের ঝিলিক দেখছি, সেটাই আমাদের আশা ও অনুপ্রেরণা।”

পরিসংখ্যান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, “নবাগতদের স্বাগত জানাতে ক্যাম্পাসে সাজানো হয়েছে নানা ব্যানার ও পোস্টার। আশা করি এই দিনটি তাদের জন্য আনন্দময় ও স্মরণীয় হয়ে থাকবে। আমরা চাই, তারা এখান থেকে ভালো কিছু শিখে গড়ে উঠুক।”

উল্লেখ্য, ইউজিসি থেকে বেরিয়ে প্রথমবার স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top