উন্নয়ন কার্যক্রমে উপজেলা প্রশাসনের গতিশীল ভূমিকা অব্যাহত রয়েছে—এমন প্রমাণ রেখে আবারও নজর কাড়লেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সেলাই মেশিন, হুইল চেয়ার, খেলাধুলার সামগ্রী ও রেইনকোটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্বও করেন ইউএনও সাবরিনা শারমিন।
এই কার্যক্রমের মাধ্যমে নারী উদ্যোক্তা, শারীরিক প্রতিবন্ধী, গ্রামপুলিশ ও শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়। বিতরণ করা উপকরণের মধ্যে ছিল—নারীদের জন্য ২০টি সেলাই মেশিন, প্রতিবন্ধীদের জন্য ২০টি হুইল চেয়ার ও ১৬টি ক্রাচ, গ্রামপুলিশদের জন্য ৬৯টি রেইনকোট এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৫৫টি ফুটবল। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তায় ১৫টি সাদা ছড়ি (স্ট্রিক) ও ১৫টি সানগ্লাসও প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের পাশে থাকতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দুর্গাপুর উপজেলায় ইউএনও সাবরিনা শারমিনের নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।