সকল মেনু

বালু মহাল ঘিরে স্পিডবোর্ডে প্রকাশ্যে অস্ত্রের মহড়া

নাটোরের লালপুরে প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকায় সরকারিভাবে ইজারা নেওয়া বালু মহালকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাট এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে বৈধ ব্যবসায়িক কার্যক্রম, অন্যদিকে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের অনুসারীদের প্রকাশ্যে সশস্ত্র মহড়ার কারণে নদীপথ এখন আতঙ্কের নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান চলতি অর্থবছরে লালপুর বালু মহালের এক বছরের ইজারা নেয় নাটোর জেলা প্রশাসনের কাছ থেকে। নিয়মতান্ত্রিকভাবে কাজ শুরু করতে গিয়ে তারা বাধার মুখে পড়ে যখন তাদের বালুবাহী নৌকা নদীপথে সাড়া ঘাট অতিক্রম করতে গেলে দূর্বত্তরা প্রকাশ্যে স্পিডবোর্ডে করে নদীতে মহড়া দিয়ে নৌকাগুলো থামিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, স্পিডবোর্ডে করে সশস্ত্র অবস্থায় আসে কয়েকজন। হাতে থাকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা চাঁদা দাবি করে। মাঝিরা টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি প্রদান করা হয়।

এ বিষয়ে মোল্লা ট্রেডার্সের কর্ণধার শহিদুল ইসলাম মোল্লা বলেন, আমরা সরকারকে প্রায় ১০ কোটি টাকা দিয়ে বৈধভাবে ইজারা নিয়েছি। অথচ কিছু চিহ্নিত সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে চাঁদা তুলছে। আমরা আইনের প্রতি আস্থা রাখি, তবে প্রশাসনের কাছ থেকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা চাই।

এ বিষয়ে লক্ষীকুঞ্জা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান মাহমুদ তুহিন বলেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top