সকল মেনু

দুর্গাপুরে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক

রাজশাহীর দুর্গাপুরে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুন) সকালে উপজেলা পরিষদের মিনি হলরুমে আয়োজিত বৈঠকে সুজনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।

সুজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হোসেনের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন, রাজশাহী জেলা সভাপতি সফি উদ্দিন আহমদ, মহানগর সভাপতি পিয়ার বক্স, উপজেলা কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সদস্য মাহফুজা খাতুন মিলি, আনিসুর রহমান, মামুনুর রশিদ, রাকিবুল ইসলাম প্রমুখ।

বৈঠকে উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকারকর্মী, আইনজীবী এবং তরুণ সমাজের প্রতিনিধিরা।

রাষ্ট্র কাঠামো সংস্কার ও পরিবর্তনের দাবি জানিয়ে বৈঠকে বক্তারা বলেন, বর্তমান রাষ্ট্র পরিচালনার কাঠামো জনসম্পৃক্ত ও যুগোপযোগী নয়। বক্তারা মনে করেন, গণতন্ত্রের কাঙ্ক্ষিত অগ্রগতির জন্য রাষ্ট্রীয় কাঠামোতে সময়োপযোগী সংস্কার অপরিহার্য। বক্তারা নাগরিক অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি জাতীয় ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় উঠে আসে, শুধুমাত্র রাজনৈতিক দল বা উচ্চপর্যায়ের প্রশাসনিক সিদ্ধান্তেই রাষ্ট্র সংস্কার সম্ভব নয়; বরং এতে সাধারণ নাগরিক, তরুণ সমাজ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বৈঠক শেষে আয়োজক সংস্থা সুজন জানায়, বৈঠকে প্রাপ্ত মতামত ও প্রস্তাবনার ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি করে তা সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করা হবে।

সুপারিশে সুশাসন, সাংবিধানিক ভারসাম্য, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের গোলটেবিল বৈঠক ভবিষ্যতে রাষ্ট্র সংস্কার নিয়ে একটি ব্যাপক জাতীয় সংলাপ শুরু করার পথ প্রশস্ত করবে। এতে জনগণের প্রত্যাশা ও চিন্তাধারার প্রতিফলন ঘটবে রাষ্ট্র পরিচালনায়।

আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা হবে, যাতে করে সর্বস্তরের মানুষের মতামত জাতীয় পর্যায়ে যুক্ত হতে পারে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top