কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়সহ দেশের ৯টি কেন্দ্রে ‘সি’ ইউনিট এবং ২৬টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ৯,৯৫২ জন আবেদনকারী ছিলেন, যার মধ্যে ৭,৬৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন — উপস্থিতির হার ৭৬.৮৩%। অন্যদিকে, ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ছিলেন ৩২,৬৫৭ জন এবং অংশগ্রহণ করেন ২১,৯৯৪ জন — উপস্থিতির হার ৬৭.৩৫%।
পরীক্ষা পরিদর্শনে থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে ও জালিয়াতিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট, বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা নিরলস দায়িত্ব পালন করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “আজকের পরীক্ষায় সবার আন্তরিক সহযোগিতায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটের পরীক্ষাতেও আমরা একই রকম সহায়তা আশা করছি।”
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান জানান, “ছাত্রদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এবার স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে। এর সফল বাস্তবায়নে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষার্থী ও সাংবাদিকরা ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীরাও পরিবহনসহ বিভিন্ন বিষয়ে স্বেচ্ছায় সহায়তা করেছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, “গত এক সপ্তাহ ধরে নিবিড় প্রস্তুতির মাধ্যমে এই পরীক্ষা গ্রহণে আমরা সফল হয়েছি। ভবিষ্যতে আরও উন্নতভাবে পরীক্ষাগুলো আয়োজনের চেষ্টা করব।”
এ ব্যাপারে জানতে চাইলে ভর্তি পরীক্ষার্থী খান মোহাম্মদ রুহুল আমিন বলেন “পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, হল গার্ড ভালো ছিলো, প্রশ্ন অনেকটাই সহজ ছিলো সি ইউনিটে আরেকটা স্টান্ডার্ড হতে পারতো, সব মিলিয়ে ভালো লেগেছে,পরিক্ষা ও ভালো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ সেশনের বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।