সকল মেনু

ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে আমরণ অনশনে তরুণী

মাগুরার সেই ধর্ষকের ৪৮ ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে আমরণ অনশনে বসেছেন এক তরুণী (১৭)। গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে অনশনে বসেন ওই তরুণী।

অনশনে অবস্থান নেওয়া ওই তরুণীর নাম ফাইজা ইসলাম তোয়া। মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর গ্রামের মো. রাজিউল হাসান তালুকদারের মেয়ে। সে ময়মনসিংহ শহরের এডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। বর্তমানে নেত্রকোনা জেলা শহরে বসবাস করছেন।

ফাইজা ইসলাম তোয়া বলেন, নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা, উদাসীনতা এবং নিষ্ক্রিয়তার সুযোগে এসব অপরাধ প্রবণতা বাড়ছে। আছিয়ার মত ৮ বছরের শিশুও এর কবল থেকে রক্ষা পাচ্ছে না। ৪৮ ঘন্টার মধ্যে সেই ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে আমরণ অনশনে বসেছি। প্রশাসনের কাছ থেকে এই দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে।

তিনি আরো বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার সাহস পাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাষ্ট্র এবং প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। এসব বর্বরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর অধিকার রক্ষায় এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

তার আমরণ অনশনে একাত্মতা প্রকাশ করে নেত্রকোনা সরকারি কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী শামিম আহমেদ জয়, সৈয়দা সাদিয়া ইসলাম, আরমান খান, আবু সাঈদ, শেখ মনোয়ার জাহান অপূর্ব অনশনে বসেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top