সকল মেনু

নাটোরে চাঁদাবাজির অভিযোগে ছেলেসহ বিএনপি নেতা গ্রেপ্তার, থানার সামনে বিক্ষোভ

নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপির নেতা ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে তাঁদের মুক্তির দাবিতে আজ শনিবার বেলা ১০টার দিকে লালপুর থানার সামনে বিক্ষোভ ও ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে অবরোধ করেছে তাঁদের স্বজনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ, তার দুই ছেলে ছাত্রদল কর্মী অনিক খাঁ ও ফিরোজ খাঁ।

এর আগে গতকাল রাতে উপজেলার কলোনি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা জানান, চাঁদাবাজির অভিযোগে গভীর রাতে সেনাবাহিনীর সদস্যরা লালপুরের কলোনি গ্রামের খোকন খাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে থাকা খোকন খাঁ ও তাঁর দুই ছেলে অনিক এবং ফিরোজকে মারধর করে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।

এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা থানার সামনে বিক্ষোভ করে তাদের মুক্তির দাবি জানায়। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এরপর স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব হারুন রশীদ পাপ্পু বলেন, ‘একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করেছে এবং মারধরও করেছে। আমরা বিষয়টি জেলা নেত্রীবৃন্দকে জানিয়েছি এবং প্রশাসনের সাথে কথা বলেছি। দ্রুত একটা সমাধানের মাধ্যমে তাদের মুক্তি দাবি জানাই।আর সড়ক অবরোধ ও বিক্ষোভের বিষয়ে হারুন রশীদ বলেন, ‘দলের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সাথে কথা বলে তাদের সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা রাতে তিনজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আজ সকালে তাদের মুক্তির দাবিতে তাদের সমর্থকেরা থানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের সড়িয়ে দিলে তারা ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। পরে স্থানীয় বিএনপি নেতাদের সাথে আলোচনা করে বিষয়টির সমাধানের আশ্বাস দিলে তারা চলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top