সকল মেনু

লালপুরে সিনিয়র শিক্ষক মহব্বত আলীকে বিদায় সংবর্ধনা

নাটোরের লালপুর উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এসএসসি (ভোকেশনাল) ও বি.এম. কলেজের সিনিয়র শিক্ষক (ইংরেজি) মহব্বত আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা, শ্রদ্ধা এবং ফুলেল শুভেচ্ছায় তাঁকে বিদায় জানানো হয়।
রোববার (১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সিনিয়র শিক্ষক জামিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক মহব্বত আলীর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের পাঠদান, নৈতিক শিক্ষা ও মানুষ গড়ার কাজে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, বরং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে মহব্বত আলী নিষ্ঠা, আন্তরিকতা ও অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বক্তারা আরও বলেন, কর্মজীবন থেকে অবসর নিলেও একজন শিক্ষকের আদর্শ, শিক্ষা ও স্মৃতি কখনো অবসর নেয় না। তাঁর অর্জিত অভিজ্ঞতা, শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা এবং সহকর্মীদের সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্তগুলো সবার হৃদয়ে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মহব্বত আলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী-শান্তিময় অবসরজীবন কামনা করা হয়।
সংবর্ধনা শেষে আবেগঘন পরিবেশে সহকর্মীরা তাঁদের প্রিয় শিক্ষককে বিশেষ সম্মানে বিদায় জানান। বিদ্যালয়ের বারান্দা থেকে রাস্তার দুই পাশে ফুলের পাপড়ি ছিটিয়ে এবং ফুলের মালা পরিয়ে তাঁকে বিদায় জানানো হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মোটরসাইকেলযোগে তাঁকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় বিদায়ের মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয় ও আবেগঘন।
দীর্ঘদিনের সহকর্মীকে ঘিরে এমন আন্তরিক আয়োজন শিক্ষক মহব্বত আলীর প্রতি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও পারস্পরিক বন্ধনেরই বহিঃপ্রকাশ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top