সকল মেনু

লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর বাজারে একটি ওয়ার্কশপ ও লেদ মেশিন থেকে সৃষ্ট শব্দদূষণ ও পরিবেশদূষণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী।
আবেদনে বলা হয়েছে, বাজারের একটি ওষুধের দোকানের সংলগ্ন স্থানে মো. ইমরান হোসেন (৩৬) পরিচালিত ওয়ার্কশপ ও লেদ মেশিন প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চালানো হয়। এতে সৃষ্ট বিকট শব্দে আশপাশের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অতিরিক্ত শব্দের কারণে ব্যবসা পরিচালনায় ব্যাঘাত ঘটার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারী ব্যবসায়ীরা জানান, ওয়ার্কশপ স্থাপনের সময় আপত্তি জানানো হলে এমনভাবে কার্যক্রম পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছিল, যাতে পাশের দোকানগুলোর কোনো সমস্যা না হয়। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বরং দিনভর শব্দদূষণের কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
তাঁদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ইউএনও এর কাছে লিখিত আবেদন করা হয়েছে।
এ বিষয়ে আব্দুলপুর বাজার কমিটির সভাপতি মাসুদ রানা বলেন, “বাজার কমিটির পক্ষ থেকে কয়েকবার ইমরানকে ওয়ার্কশপের কাজ দোকানঘরের পেছনের দিকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি তা কর্ণপাত করেনি । পরে আমরা অভিযোগকারীদের আইনগতভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রশাসনের কাছে আবেদন করার পরামর্শ দিয়েছি।”
অভিযোগের বিষয়ে জানতে মো. ইমরান হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, “অভিযোগটি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top