বাবা আর বেঁচে নেই। তবুও বাবার রাজনৈতিক পথচলার স্মৃতিকে ধারণ করেই শপথ গ্রহণে গেলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। বাবার সহযোদ্ধা দুই প্রবীণ নেতাকে সঙ্গে নিয়েই তিনি এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি সম্পন্ন করেন।
সোমবার (০৪ মে) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তুলি লেখেন, আমার বাবা বেঁচে নেই, তবে বাবার সাথে বিএনপির রাজনীতি করা আমার এলাকার দুই চাচাকে নিয়ে শপথ নিতে যাই। বাবার স্মৃতি হিসেবে তাদেরকে সাথে নিয়ে সম্মান জানানোই ছিল আমার শপথ গ্রহণের দিনের বিশেষ মুহূর্ত।
তিনি আরও জানান, তার বাবা মরহুম মো. আক্তার হোসেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। তার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন নুহু চাচা ও মজিদ চাচা—যাদের তিনি এই দিনে পাশে রেখেছেন সম্মান ও স্মৃতির প্রতীক হিসেবে।
রাজনীতির লক্ষ্য তুলে ধরে তুলি বলেন, তিনি ধনী-গরীব, কৃষক-শ্রমিক, চাষি, জেলে, শিক্ষক, নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের সাথে থেকে কাজ করতে চান। এজন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় সানজিদা ইয়াসমিন তুলি বিএনপির দুঃসময়ে নির্যাতিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত। তার রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—
সদস্য সচিব, ইডেন কলেজ ছাত্রদল
যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল
সাবেক সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল
সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য, জিয়া স্মৃতি পাঠাগার
সমন্বয়ক টিম প্রধান, নাটোর জেলা ছাত্রদল
ইতোমধ্যেই লালপুরসহ বিভিন্ন এলাকায় প্রান্তিক থেকে উচ্চপর্যায়ের মানুষের মুখে মুখে তার নাম শোনা যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন বলেও স্থানীয়দের মতামত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।