সকল মেনু

লালপুরে অভিযানে ধরা অবৈধ ডিজেল বাণিজ্য, দুজনকে জরিমানা

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে ডিজেল সরবরাহের অভিযোগে একটি তেলের দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালি উত্তোলনের দায়ে আরও একজনকে দণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার লালপুর বাজার এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন। এ সময় “ভাই ভাই ওয়েল সেন্টার” নামের একটি তেলের দোকানে সংরক্ষিত সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদনবিহীনভাবে ইটভাটায় বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করছে।

অভিযান সূত্রে জানা যায়, প্রায় ১ হাজার ৩০০ লিটার ডিজেল অবৈধভাবে সরবরাহের প্রমাণ মেলে। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে পদ্মা নদীর চর এলাকায় পৃথক অভিযানে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে শাহিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

এদিকে, দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে গোপালপুর ফিলিং স্টেশনেও তেল বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় নিয়ম ভঙ্গ করে একাধিকবার তেল নেওয়ার অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকেও তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ জ্বালানি সরবরাহ ও বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top