নাটোরের লালপুর উপজেলায় কয়েকজনের সমন্বয়ে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ চক্র মোটরসাইকেলে জ্বালানি তেল নিয়ে তা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এই চক্রটি কৌশলে তেল সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে চড়া দামে বিক্রি করছে বলে স্থানীয়দের অভিযোগ।
জানা যায়, চক্রের সদস্যরা একাধিক মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে স্বাভাবিকভাবে তেল সংগ্রহ করে। পরে নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে মোটরসাইকেলের ট্যাংক থেকে তেল বের করে জেরিক্যান বা বোতলে সংরক্ষণ করে। এরপর সেই তেল স্থানীয় বাজারে সংকটের অজুহাত দেখিয়ে বেশি দামে বিক্রি করা হয়।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, “প্রতিদিন কিছু লোক মোটরসাইকেলে করে তেল নিয়ে আসে। পরে দেখি তারা বোতলে ভরে বিক্রি করছে, দামও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি নিচ্ছে।”
ভুক্তভোগীরা বলছেন, হঠাৎ করে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করে এই চক্রটি লাভবান হচ্ছে। এতে সাধারণ মানুষকে বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হতে হচ্ছে।
এ বিষয়ে কয়েকজন মোটরসাইকেল চালক বলেন, “আমরা পাম্প থেকে নিয়মিত তেল নিতে গিয়ে অনেক সময় সংকটে পড়ি। পরে দেখি বাইরে বোতলে সেই তেল বেশি দামে বিক্রি হচ্ছে।”
লালপুর থানার এক কর্মকর্তা জানান, “এ ধরনের অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। কেউ অবৈধভাবে তেল মজুদ বা বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত এই চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, পাম্পগুলোতে নজরদারি বাড়ানো এবং খোলা বাজারে অবৈধ তেল বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।