সকল মেনু

‘ফ্যামিলি কার্ড’ বর্তমান সরকারের বড় সাফল্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নাটোরের লালপুরে পাইলটিং পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের মধ্যে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টায় লালপুর উপজেলার গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত উপকারভোগী পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ‘ফ্যামিলি কার্ড’ একটি সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ। পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবার এ কর্মসূচির আওতায় আসবে। তিনি বলেন, ইতোমধ্যে যেসব পরিবার এই কার্ড পেয়েছেন, তাদের মোবাইল ওয়ালেট ও ব্যাংক হিসাবের মাধ্যমে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। ‘ফ্যামিলি কার্ড’ সেই উদ্যোগগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মোট ১ হাজার ৮২৫টি পরিবারের ওপর জরিপ পরিচালনা করা হয়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৭৮টি পরিবারকে ভাতা পাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। যেসব পরিবারের পিএমটি (চগঞ) স্কোর শূন্য থেকে ৮১৪ এর মধ্যে রয়েছে, তাদের এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কর্মসূচি সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top