সকল মেনু

হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে নোংরা পরিবেশ ও নানা অনিয়মের চিত্র দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের শয্যায় ময়লা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রোববার (৮ মার্চ) হাসপাতালটি সরজমিনে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে কক্ষের জরাজীর্ণ দশা দেখে হাসপাতালের পরিচালককে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে যে অবস্থা, তাতে আপনি নিজে কি ঘুমাতে পারবেন? এরাও তো মানুষ। ছারপোকা দমনের কাজ আউটসোর্সিংয়ে দেওয়া হয়েছে কি না—মন্ত্রীর এমন প্রশ্নের জবাবে পরিচালক জানান, এটি টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। পরিচালক আরও দাবি করেন, ছারপোকা আগে কমে গেলেও হঠাৎ করে আবার বেড়ে গেছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের রোগীরা অভিযোগ করে মন্ত্রীকে জানান, ছারপোকা আমাদের রক্ত খেয়ে ফেলছে। ছোট ছোট চায়না তেলাপোকার অত্যাচারে কোনো খাবার রাখা যায় না। এছাড়া রোগীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগও ওঠে। অনেক রোগীর স্বজন বিছানার চাদর উল্টিয়ে মন্ত্রীকে তেলাপোকা ও ছারপোকার আধিক্য দেখান।

এরপর রোগীরা নিয়মিত ওষুধ পাচ্ছেন কি না, তা যাচাই করতে মেডিসিন বিভাগে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানেও রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কতজন চিকিৎসক আজ অনুপস্থিত, তা এখন পর্যন্ত জানতে পারলাম না। আমি নিজে এসেও যদি এই তথ্য না পাই, তবে সাধারণ মানুষের অবস্থা কী? হাসপাতালের পরিচালকের অদক্ষতাই এসব অব্যবস্থাপনার জন্য দায়ী।

তিনি আরও বলেন, হাসপাতালের বিছানাপত্র ও ছারপোকার সমস্যা অত্যন্ত মারাত্মক। খাবারের মান নিয়েও গুরুতর অভিযোগ পেয়েছি। এমনকি চিকিৎসকরাও সময়মতো কর্মস্থলে আসছেন না। এসব অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top