সকল মেনু

আইসিসির সিকিউরিটি টিম চিঠি দিয়েছে: ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ বিকেলে বাফুফে ভবন পরিদর্শনে যান। ঘণ্টা খানেক বাফুফে কর্তাদের সঙ্গে থাকার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতেই উপদেষ্টা বলেন, ‘আপনারা যেটা শুনতে চান, আমি জানি। ফুটবলে আসলেও ক্রিকেটের বিষয়েই বলবেন! এরপরও অনুরোধ করব ফুটবলের বিষয়টিও বইলেন।’

ফুটবল ও বাফুফের কিছু বিষয় বলার পর তিনি নিজেই ক্রিকেট বিশ্বকাপের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, মুস্তাফিজ যদি বাংলাদেশ দলে অর্ন্তভুক্ত হয়, দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা ভারতে জার্সি পরে ঘোরাফেরা করলে, তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বৃদ্ধি পাবে।’

আইসিসির এই নিরাপত্তা পর্যবেক্ষণ নিয়ে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য, ‘আমরা আমাদের শ্রেষ্ঠ বোলার বাদ দিয়ে দল করব, সমর্থকরা জার্সি পরতে পারবে না, ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব– এর চেয়ে উদ্ভট ও অবাস্তব, অযৌক্তিক কিছু হতে পারে না।’

মুস্তাফিজের ইস্যুর পরপরই ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না- এমন অবস্থান যৌক্তিক সেটা আবার প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা, ‘আইসিসি নিরাপত্তা টিমের এই পর্যবেক্ষণ সন্দেহাতীতভাবে প্রমাণ করে ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই।’

পাকিস্তান ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলবে। বিসিবিও এমন দাবি জানিয়েছে আইসিসির কাছে। সম্প্রতি পাকিস্তানও বাংলাদেশের ম্যাচের আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আসিফ নজরুল বলেন, ‘মিডিয়ায় দেখেছি পাকিস্তানের আগ্রহের বিষয়টি। এটা সত্য-মিথ্যা জানি না। ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে খেলতে আমাদের কোনো আপত্তি নেই।’

আইসিসি নিরাপত্ত টিমের চিঠি কখন, কাকে দিয়েছে সেটা অবশ্য ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করেননি। তবে তিনি সাংবাদিকদের সেই চিঠি দেয়া হবে বলে জানান।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top