সকল মেনু

টুঙ্গিপাড়ায় ব্যতিক্রমী মতবিনিময় সভা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অপরাধ দমন, সাইবার নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, উপজেলার মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা আক্তার বলেন, টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। এ লক্ষ্যে প্রশাসন বিভিন্ন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

অন্যদিকে, ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর তার বক্তব্যে অপরাধ দমনে সাইবার পেট্রোলিং ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,

তথ্যপ্রযুক্তির সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষায় আধুনিক কৌশল প্রয়োগ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অপরাধীদের ডাটাবেইস হালনাগাদ ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করলে অপরাধ দমন আরও কার্যকর হবে। সভায় বক্তারা আরও বলেন, কিশোর অপরাধ মনিটরিং ডাটাবেইস তৈরি, মাদকবিরোধী প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং পুলিশ-জনগণ পার্টনারশিপ সভার মাধ্যমে সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

সভা শেষে ইউএনও ফারজানা আক্তার বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করতে পারব।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top