সকল মেনু

ডাব কেনা নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব কেনা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর পাটগাতি বাস স্ট্যান্ডে ডাব কেনা নিয়ে শ্রীরামকান্দি গ্রামের নান্নু (৪৫) ও হোসাইন (৫৫) এর সঙ্গে পাটগাতি সরদারপাড়া গ্রামের জিয়ারুল (১৮) এর বাকবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে সালিশ বসে। সালিশের শেষ পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তেজিত হয়।

এরপর সন্ধ্যা ৬টার দিকে দুই গ্রামের লোকজন টুঙ্গিপাড়া পৌরসভার মাল্টিপারপাস মার্কেটের সামনে দেশীয় অস্ত্র, ইট-পাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের পুলিশের ৪ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত সাবেক কাউন্সিলর রাকিবকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় মানিক মিয়া সুপার মার্কেটের অন্তত ১০টি দোকান ভাঙচুর হয়।

সংঘর্ষের খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top