সকল মেনু

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং শারীরিক হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসনের নিরবতা এবং অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদ জানান সাংবাদিকরা।

ঘটনার সূত্রপাত ৫ আগস্ট, অভ্যুত্থান দিবসের আয়োজনে। সেখানে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয় সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেন এবং পরিচয় দেওয়ার পরও মারধরের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সামনেই ঘটলেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সমাবেশে বক্তারা বলেন, একাধিকবার ফেল করে শিক্ষাজীবন শেষ করা ওই নেতা কীভাবে ‘বিশেষ বিবেচনায়’ আবার ভর্তি হওয়ার সুযোগ পেলেন, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সম্মান রক্ষায় প্রশাসন ও সংগঠনগুলোর দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করেন তারা।

মানববন্ধন শেষে সাংবাদিকরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ দেন এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে জবাবদিহিতা চান। উপাচার্য আশ্বাস দিলেও ‘বিশেষ বিবেচনায় ভর্তি’ প্রসঙ্গে তিনি সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top