রাজশাহীর দুর্গাপুর উপজেলার নান্দোপাড়া গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. সাজ্জাদ হোসেন কালু (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার নান্দোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন কালু নান্দোপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমান হেনার ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে (১ আগস্ট) ওই তরুণী খড়ি কুড়াতে মাঠে যান। পরে সকাল ১০টার দিকে সাজ্জাদ হোসেন তাকে স্থানীয় মো. জহিরের পাটক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর ভাই শিমুল বিশ্বাস জানান, দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় খোঁজ নিতে গিয়ে তিনি বোন ও অভিযুক্তকে একসঙ্গে দেখতে পান। তাকে দেখে সাজ্জাদ পালিয়ে যান। পরে তরুণী পুরো ঘটনা জানান। পরামর্শ করে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় অভিযোগ করা হয়।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাসের নেতৃত্বে নান্দোপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস বলেন, “ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ব্যবস্থা নিই। শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করি এবং শনিবার দুপুরে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানো হয়।”
থানা পুলিশের এমন দ্রুত পদক্ষেপের কারণে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফিরে এসেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।