সকল মেনু

লালপুরে সার পাচারের চেষ্টা, হাতেনাতে ধরলেন কৃষকেরা, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুরে অবৈধভাবে সার বিক্রি ও পরিবহনের অভিযোগে ভাই ভাই ট্রেডার্সের সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এ জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর সদর ইউনিয়নের সার ডিলার ভাই ভাই ট্রেডার্সের মালিক ওয়াহিদুল ইসলাম খোকন ঈশ্বরদী ইউনিয়নের সাবডিলার বাবুর কাছে ২০ বস্তা সার বিক্রি করেন। সারগুলো একটি গাড়িতে করে পরিবহনের সময় স্থানীয় কৃষকদের সন্দেহ হলে তাঁরা গাড়িটি আটকে দেন এবং পুলিশকে খবর দেন। পরে ঘটনাটি কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকারের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন। এ সময় সার বিক্রি ও পরিবহনসংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় কৃষকদের দাবি, কৃষকদের জন্য বরাদ্দ করা সার বিক্রি ও পরিবহনের ক্ষেত্রে নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা প্রয়োজন। তাঁদের মতে, সার বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে কৃষকেরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন।
কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বিতরণে অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top