সকল মেনু

প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কাজেই যার ম্যান্ডেট বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়েছে, যেই প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি, আসুন আমরা শপথ করি- সেই শপথ হবে প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে এই দেশের মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। সকল প্রকার রাজনৈতিক স্বাধীনতা হরণ করা হয়েছিল। হরণ করা হয়েছিল তাদের ভোটের অধিকার। এক যুগেরও বেশি সময় ধরে বিএনপিসহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, সেই দলগুলো ধীরে ধীরে আন্দোলন গড়ে তুলেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সমগ্র দেশে ছাত্র-জনতাসহ সকল নারী-পুরুষ রাস্তায় নেমে এসেছিল। সেই দিন স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই বাংলাদেশ থেকে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মানুষ তাদের তাদের কথা বলার অধিকার- যা কেড়ে নেওয়া হয়েছিল এক যুগেরও বেশি সময় ধরে, সেই অধিকারকে আবার প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মানুষ দেখেছিল সেই এক যুগ সময় ধরে, যখন মানুষের ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। আমরা দেখেছিলাম কীভাবে দেশের উন্নয়নের নাম করে, মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছিল। দেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কীভাবে বিদেশে পাচার করেছে, দেশের মানুষ দেখেছে সেটি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top