সকল মেনু

কাঙ্খিত দেশ গড়তে রাজশাহীতে তরুণদের কাজে লাগানোর প্রস্তাব

কাঙ্খিত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে রাজশাহীতে তরুণদের যথাযথভাবে কাজে লাগানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভায় এ প্রস্তাবনা দেওয়া হয়।
সভার শুরুতে বক্তব্য উপস্থাপন করেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আমি কোনো অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেব না। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে। এছাড়া জ্বালানি মজুদের বিরুদ্ধেও আমার জিরো টলারেন্স। এক লিটার তেল মজুদ করলেও জবাবদিহি করতে হবে।
সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা এবং গণসেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।
সভায় রাজশাহীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে কথা বলেন সাংবাদিকরা। আমের মৌসূমের লাভজনক এ ফল নিয়ে আগাম ব্যবস্থা গ্রহণের প্রতি দৃষ্টিপাত করেন সিনিয়র সাংবাদিক সরকার শরিফুল ইসলাম।
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন রাজশাহীতে কোচিং বাণিজ্যসহ কয়েকটি বিষয়ে কথা বলেন। কোচিং সেন্টারে প্রতারণার ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।
জ্বালানি তেল সংকটের কারণে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিড়ম্বনার কথা তুলে ধরেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত। তিনি বলেন, মোটরসাইকেল নিয়ে আমাদের সংবাদ কাভার করতে হয়। কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। আবার লম্বা লাইন প্রায় সব জায়গায়। সেজন্য নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট পাম্পে আমাদের জন্য তেলের ব্যবস্থা করা প্রয়োজন।
এ সময় তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দেশের ইতিবাচক প্রয়োজনে কাজে লাগানোর প্রস্তাবনা দেন ঢাকা মেইল-এর রাজশাহী প্রতিনিধি এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স-এর প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান। তিনি বলেন, তরুণদের বা এসব সংগঠনকে এংগেজ করে কাজে লাগানো গেলে আমরা সুন্দর রাজশাহী তথা কাঙ্খিত দেশ গড়তে পারবো।
জেলা প্রশাসক সাংবাদিকদের প্রস্তাবনা, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আমলে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top