সকল মেনু

লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৩

নাটোরের লালপুর উপজেলায় ট্রাকচাপায় একটি ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— জাহিদুল ইসলাম (৫০), মনিরুল ইসলাম (২৭) ও বাবুল হোসেন (৩৫)। তাঁদের বাড়ি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাত্রীবাহী একটি ইজিবাইক যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন চালকসহ আরও কয়েকজন যাত্রী।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন— ইজিবাইকচালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫) ও মজনু মিয়া (৪০)।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top