সকল মেনু

সিংড়ায় এসএসসি ’৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী

নাটোরের সিংড়া উপজেলায় এসএসসি ১৯৯২ ব্যাচের বন্ধুদের উদ্যোগে বর্ণিল ও আবেগঘন ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌর শহরের একটি কনফারেন্স কক্ষে আয়োজিত এ মিলনমেলায় অংশ নেন ব্যাচটির বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা।

দীর্ঘ তিন দশক পর একত্রিত হয়ে স্কুলজীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। কেউ ফিরে যান কৈশোরের দুষ্টুমি আর আনন্দঘন দিনগুলোয়, আবার কেউ শোনান জীবনের নানা অভিজ্ঞতার গল্প। অনেকেই দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু। তিনি বলেন, “বন্ধুত্ব এমন এক বন্ধন, যা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়। এই বন্ধনকে কাজে লাগিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসা সম্ভব।”

আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীরা মধ্যাহ্নভোজে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল প্রীতিভোজ ও অনানুষ্ঠানিক আড্ডা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা, যাঁদের অনেকেই একই ব্যাচের সহপাঠী।

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন শুধু আনন্দ ভাগাভাগির জন্য নয়; বরং ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যও রয়েছে। ভবিষ্যতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অঙ্গীকার করেন তাঁরা।

দিনশেষে প্রাণবন্ত আড্ডা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।

ফন্ট সাইজ:
1Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top