সকল মেনু

পা পিছলে ছাদ থেকে পড়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের, কাঁদছে দুই শিশুসন্তান 

রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. সাব্বির (২৭) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শালবাগান পাওয়ার হাউজ মোড় এলাকায় সিটি গ্যারেজের পেছনে ইসমাইল হোসেনের নির্মাণাধীন চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। আরএমপির চন্দ্রিমা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাব্বির নগরীর মালদা কলোনি এলাকা মো. আব্দুল্লাহর ছেলে। তিন ভাইবোনের মধ্যে সাব্বির দ্বিতীয়। তিনি বিবাহিত এবং তার পাঁচ বছর বয়সী এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।
নিহতের বড় ভাই শাকিল আহমেদ বলেন, আমিও কাজ করছিলাম। আমরা বিল্ডিংয়ের চতুর্থ তলায় ছিলাম। আমার ভাই সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পাশের একটি দোতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাব্বিরের বাবা আব্দুল্লাহ বলেন, আমি সকালে কাজের জায়গায় এসে ছেলের সঙ্গে দেখা করে গেছিলাম। কিছুক্ষণ পর খবর পাই যে, আমার ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে। ছেলেটার ছোট দুই ছেলে ও মেয়ে আছে। ওরা অবুঝ শিশু। বাবাকে হারিয়ে কেঁদেই যাচ্ছে। ভবনটির মালিক ইসমাইল হোসেন বলেন, ঘটনার সময় আমি বাজারে ছিলাম।
চন্দ্রিমা থানার এসআই জিয়াউর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top