সকল মেনু

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে রিকশাচালকদের ঈদ উপহার

নির্বাচন সামনে রেখে সাধারণত প্রার্থীরা ব্যানার–ফেস্টুন ও প্রচারণায় ব্যস্ত থাকেন। তবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক প্রচার সম্পাদক, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম বুলেট। নিজের প্রচারণায় ব্যানার–ফেস্টুন তৈরির জন্য বরাদ্দ অর্থ ব্যয় না করে সেই টাকায় অসহায় রিকশাচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ২০০ জন রিকশা শ্রমিকের হাতে ঈদ উপহার হিসেবে লাচ্ছা সেমাই ও চিনি তুলে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। এ সময় আরও ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, উপজেলা বিএনপির সদস্য খাইরুজ্জামান ছিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মুক্তার হোসেন ও প্রভাষক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল বলেন, ‘বর্তমান সময়ে অনেকে আত্মপ্রচারের জন্য ব্যানার–ফেস্টুনে বিপুল অর্থ ব্যয় করেন। সেই অর্থ যদি অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। রফিকুল ইসলাম বুলেটের এই উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে।’
ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রিকশা শ্রমিকেরা। তাঁদের ভাষ্য, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে ঈদের আগে সেমাই ও চিনি পেয়ে তাঁরা খুশি হয়েছেন।
রফিকুল ইসলাম বুলেট বলেন, ‘ঈদ আনন্দের উৎসব। সমাজের শ্রমজীবী মানুষদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতেই এই ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা থাকবে।’

ফন্ট সাইজ:
1Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top