নাটোরের লালপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও জমির মালিকদের অভিযোগ, মোহরকয়া গ্রামের সিরাজ গাইনের ছেলে ও বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসলাম উদ্দিন এবং সুমন কসাইয়ের ছেলে সোহানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মোহরকয়া কয়লার ডহর এলাকায় মহড়া দেয়। এ সময় তারা এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। একই সঙ্গে রবিন নামের এক ব্যক্তির দোকানে হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, গত বুধবার (৪ মার্চ) সোহানের নেতৃত্বে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হয়। এতে জমির মালিকেরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরেই পরদিন সকালে অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
জমির মালিকেরা আরও অভিযোগ করেন, অবৈধভাবে বালু উত্তোলনের জন্য তাদের জমির ফসল নষ্ট করে জোরপূর্বক রাস্তা তৈরি করা হয়েছে। এতে বাধা দিলে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকালে আসলাম উদ্দিনের নেতৃত্বে একদল লোক পিস্তল, লাঠি ও হাসুয়া নিয়ে এলাকায় এসে মহড়া দেয় এবং রবিনের দোকানে হামলা চালায়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আসলাম উদ্দিন। তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।” পরে তিনি ফোন কেটে দেন এবং আর ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে শুনেছি এবং এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।