নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেড-এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে মিলের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মিল এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ । লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর আর রশীদ পাপ্পু, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোল্লা, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু এবং সাবেক পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান লিটন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের চিনি শিল্পকে টিকিয়ে রাখতে শ্রমিক-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই।
সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি, আখচাষ সম্প্রসারণ এবং মিলের আর্থিক স্থিতিশীলতা অর্জনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একটি সুসংগঠিত ও দায়িত্বশীল ইউনিয়ন মিলের শৃঙ্খলা বজায় রাখা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সমন্বয়, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে মিল পরিচালিত হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তিনি মিলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের বিষয়ে চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
পরে নবনির্বাচিত কমিটির সভাপতি, মোমিনুল ইসলাম মানিক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্যে তারা শ্রমিকদের অধিকার সংরক্ষণ, মিলের উৎপাদন বৃদ্ধিতে সক্রিয় সহযোগিতা এবং শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মিলের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, আখচাষি প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিল প্রাঙ্গণে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।