রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ায় পাঁচ নারী ও এক পুরুষসহ মোট ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। গুলশান থানা-পুলিশ জানায়, ওই ব্যক্তিরা মূলত সাহায্যের আবেদন নিয়ে সেখানে এসেছিলেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে তাদের গুলশান থানায় নিয়ে আসা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ছয়জন প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়ার জন্য বাসভবনের সামনে অবস্থান করছিলেন। সেখানে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরতে রাজি হননি। পরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) পক্ষ থেকে বিষয়টি গুলশান থানাকে জানানো হলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
এ বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য অবস্থান করছিলেন। দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরে যাননি। পরে এসএসএফ বিষয়টি আমাদের অবহিত করলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।’
ওসি আরও জানান, থানায় আনার পর ওই ব্যক্তিদের ইফতার করানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।