ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চংধুপইল ইউনিয়নের ট্রেম্প স্টেশন মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বি এন পির অন্যতম কর্মী খেজের আলী। সভাটি সঞ্চালনা করেন ভি পি আরিফুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুর রহমান টিপু। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে লালপুর ও বাগাতিপাড়ার অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মানিক। তিনি বলেন, যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। এ জন্য ভোটারদের সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।
সভায় চংধুপইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সভা শেষে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।