চরম নাটকীয়তা ও নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বিএনপির নাটোর জেলা যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় মিডিয়া সেলের অন্যতম সদস্য।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়ন ফরমের মাধ্যমে তাকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়।
নাটোর–১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিএনপির ভেতরে নানা আলোচনা ও জল্পনা চলছিল। এই আসনে দলের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন। প্রাথমিকভাবে মনোনয়ন তালিকা প্রকাশের পর দুইজন প্রার্থীর সমর্থকেরা রেললাইন ও মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
বছরের মাঝামাঝিতে নারী প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ শুরু করেন সৈয়দা আশফিয়া পাপিয়া। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সহ–দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা কাফনের কাপড় মাথায় নিয়ে রেললাইনে অবস্থান কর্মসূচি পালন করলেও তিনি শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। পরে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ চালাতে দেখা যায়।
অন্যদিকে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের পুত্র ডা. ইয়াসির আরশাদ রাজনও মনোনয়ন প্রত্যাশায় ব্যাপক গণসংযোগ করেন। তার সমর্থকেরাও রেললাইন ও মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও তিনি দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হন।
প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দীর্ঘদিন ধরেই মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিকভাবে গণসংযোগ চালান।
গত ৩ নভেম্বর বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। এরপর নানা প্রতিবন্ধকতা ও রাজনৈতিক চাপ উপেক্ষা করে মনোনয়ন ধরে রাখতে সক্ষম হন তিনি।
সবশেষে দলের মহাসচিবের স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন ফরম পাওয়ার মধ্য দিয়ে নাটোর–১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম নিশ্চিত হয়। সবকিছু অনুকূলে থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনিই এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।