রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী গ্রামের লুৎফর রহমানের ছেলে শিমুল ইসলাম (৩০), তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। অপরজন সিংগা পশ্চিমপাড়া গ্রামের শাহাজাহান আলীর ছেলে ইসরাফিল আলম (২৬), তিনি পৌর ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। এছাড়া উপজেলার বেলঘরিয়া গ্রামের মৃত জমির প্রামানিকের ছেলে লোকমান আলী প্রামানিক (৬৩)। তিনি পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্গাপুরে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযান চলমান রয়েছে। বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।